ঢাকাTuesday , 3 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রে মৌসুমী, জন্মদিনে স্ত্রীকে আবেগী শুভেচ্ছা সানীর

Link Copied!

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর জন্মদিনে আবেগঘন শুভেচ্ছা জানিয়েছেন তাঁর স্বামী চিত্রনায়ক ওমর সানী। স্ত্রীকে ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’ আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করেছেন তিনি। কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন মৌসুমী। ফলে বিশেষ এই দিনে কাছাকাছি না থাকলেও স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশে কোনো কমতি রাখেননি ওমর সানী।

মঙ্গলবার (৩ নভেম্বর) মৌসুমীর জন্মদিন উপলক্ষে নিজের ফেসবুক অ্যাকাউন্টে তাঁর একটি ছবি পোস্ট করেন ওমর সানী। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন প্রিয়দর্শিনী মৌসুমী। বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার শুধু তুমি…।’

এর আগে জন্মদিনের প্রথম প্রহরেও স্ত্রীকে নিয়ে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন এই অভিনেতা। সেখানে তিনি বলেন, দূরত্ব কোনো বিষয় নয়। প্রায় ৩৫ বছর ধরে মৌসুমীর জন্মদিন পালন করছেন তিনি। স্ত্রীর যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি বা গ্রিন কার্ড পাওয়ার খবরেও আনন্দ প্রকাশ করেন সানী। আল্লাহ তাঁদের সুস্থ রাখলে শিগগিরই দেখা হবে বলেও জানান তিনি।

আরেকটি পোস্টে মৌসুমীর সুস্থতা, ভালো থাকা ও সম্মানজনক জীবনের জন্য দোয়া করেন ওমর সানী। স্ত্রীকে নিজের পরিবারের ‘তাজ’ হিসেবে উল্লেখ করে তিনি লেখেন, মৌসুমী যেন সব সময় ভালো থাকেন এবং সম্মানের সঙ্গে জীবন কাটাতে পারেন।

জন্মদিন উপলক্ষে বিশেষ আয়োজনের কথাও জানিয়েছেন এই অভিনেতা। আগামী বুধবার (৪ নভেম্বর) ঢাকার সাভারের হেমায়েতপুরে চাপওয়ালা শ্বশুরবাড়ি রেস্টুরেন্টে মৌসুমী ও তাঁদের মেয়ে ফাইজার জন্মদিন উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে তবারক বিতরণ করা হবে। মৌসুমীর ফ্যান ক্লাবের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত থাকার কথাও জানিয়েছেন তিনি।

১৯৭৩ সালের ৩ নভেম্বর খুলনায় জন্মগ্রহণ করেন অভিনেত্রী আরিফা জামান মৌসুমী। এবার ৫৩ বছরে পা দিয়েছেন তিনি। ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। প্রথম সিনেমাতেই প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর বিপরীতে অভিনয় করে দর্শকের নজর কাড়েন মৌসুমী।

এরপর একের পর এক জনপ্রিয় সিনেমায় অভিনয়ের মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে নিজের শক্ত অবস্থান তৈরি করেন তিনি। ‘আম্মাজান’, ‘মেঘলা আকাশ’, ‘দেবদাস’ ও ‘মোল্লাবাড়ির বউ’সহ বিভিন্ন সিনেমায় অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন এই অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র নির্মাণেও যুক্ত হয়েছেন তিনি।

অভিনয়ের সূত্র ধরেই চিত্রনায়ক ওমর সানীর সঙ্গে পরিচয় হয় মৌসুমীর। পরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ১৯৯৬ সালের ২ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তারকা দম্পতি। তাঁদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। দীর্ঘ দাম্পত্য জীবনে একসঙ্গে পথচলার পাশাপাশি বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার কথা প্রকাশ করেছেন তাঁরা।