ঢাকাFriday , 13 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. তথ্য-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিনোদন
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

রেট্রো নকশায় তিন নতুন ইলেকট্রিক স্কুটার আনল ভেসপা, এক চার্জে চলবে ৮০ কিমি

Link Copied!

ভেসপা তাদের চিরচেনা রেট্রো নকশা বজায় রেখে বিশ্ববাজারে নতুন তিনটি বৈদ্যুতিক স্কুটার উন্মোচন করেছে। মডেলগুলো হলো স্প্রিন্ট এস, প্রিমাভেরা ও প্রিমাভেরা টেক। তিনটি স্কুটারেই রয়েছে বৈদ্যুতিক পাওয়ারট্রেন ও মনোকক চ্যাসিস। নতুন মডেলগুলোর মধ্যে প্রিমাভেরা টেককে সবচেয়ে উন্নত ও প্রিমিয়াম সংস্করণ হিসেবে তৈরি করেছে প্রতিষ্ঠানটি।

নতুন স্কুটারগুলোর নকশায় ভেসপার পরিচিত রেট্রো ভাব বজায় রাখা হয়েছে। তবে পেট্রোলচালিত সংস্করণের সঙ্গে বাহ্যিক পার্থক্যের মধ্যে অন্যতম হলো এক্সহস্ট পাইপের অনুপস্থিতি। তিনটি মডেলেই রয়েছে সম্পূর্ণ এলইডি আলোকসজ্জা।

স্প্রিন্ট এস ও প্রিমাভেরা মডেলে একই ধরনের বৈদ্যুতিক পাওয়ারট্রেন ব্যবহার করা হয়েছে। স্কুটার দুটিতে রয়েছে ২.৩ কিলোওয়াট-ঘণ্টার খুলে নেওয়া যায় এমন ব্যাটারি এবং ৩.১ কিলোওয়াট ক্ষমতার বৈদ্যুতিক মোটর। মোটরটি নিরবচ্ছিন্নভাবে ২.৭ কিলোওয়াট শক্তি উৎপাদন করতে পারে। সর্বোচ্চ টর্ক ২০০ নিউটন-মিটার। ঘণ্টায় সর্বোচ্চ ৪৫ কিলোমিটার গতিতে চলতে সক্ষম স্কুটার দুটি একবার পূর্ণ চার্জে সর্বোচ্চ ৬৮ কিলোমিটার পথ পাড়ি দিতে পারবে।

এই দুই মডেলের ব্যাটারি ৫০০ ওয়াটের চার্জার দিয়ে শূন্য থেকে ৮০ শতাংশ চার্জ করতে প্রায় চার ঘণ্টা সময় লাগে। ব্যাটারিসহ প্রতিটি স্কুটারের ওজন ১১১ কেজি।

অন্যদিকে, সিরিজের সবচেয়ে উন্নত মডেল প্রিমাভেরা টেকে রয়েছে ৪.২ কিলোওয়াট-ঘণ্টার বড় ব্যাটারি প্যাক। এর বৈদ্যুতিক মোটর নিরবচ্ছিন্নভাবে ৩.৬ কিলোওয়াট শক্তি উৎপাদন করে। বড় ব্যাটারির কারণে একবার পূর্ণ চার্জে স্কুটারটি সর্বোচ্চ ৮০ কিলোমিটার চলতে পারে। অর্থাৎ স্প্রিন্ট এস ও সাধারণ প্রিমাভেরার তুলনায় এর রেঞ্জ ১২ কিলোমিটার বেশি।

প্রযুক্তিগত সুবিধার দিক থেকেও প্রিমাভেরা টেক এগিয়ে। এতে রয়েছে ৪.৩ ইঞ্চির টিএফটি ডিসপ্লে ও স্মার্টফোন সংযোগের সুবিধা। পাশাপাশি আছে টার্ন-বাই-টার্ন নেভিগেশন। এই নেভিগেশন সুবিধা প্রথম তিন বছর বিনা মূল্যে ব্যবহার করা যাবে। এরপর সেবাটি চালু রাখতে নবায়ন করতে হবে। ব্যাটারিসহ স্কুটারটির ওজন ১৩০ কেজি।

নিরাপত্তা ও নিয়ন্ত্রণের জন্য তিনটি মডেলেই সামনে ২০০ মিলিমিটারের ডিস্ক এবং পেছনে ১৪০ মিলিমিটারের ড্রাম ব্রেক রাখা হয়েছে। তবে প্রিমাভেরা টেকে বাড়তি সুবিধা হিসেবে রয়েছে সিঙ্গেল-চ্যানেল এবিএস। সামনের দিকে ১২ ইঞ্চি ও পেছনে ১১ ইঞ্চির চাকা ব্যবহার করা হয়েছে। টায়ারের প্রস্থ যথাক্রমে ১১০ ও ১২০ সেকশন। সাসপেনশনের ক্ষেত্রে তিনটি মডেলেই ভেসপার পরিচিত ট্রেইলিং-লিংক প্রযুক্তি রাখা হয়েছে।

ভারতের বাজারে ভেসপার পেট্রোলচালিত স্কুটার বিক্রি হলেও নতুন বৈদ্যুতিক মডেলগুলো সেখানে কবে বাজারে আসবে, তা এখনো ঘোষণা করেনি প্রতিষ্ঠানটি। দেশটিতে স্কুটারগুলো চালু হলে রেট্রো নকশার কারণে বাজাজ চেতকের সঙ্গে প্রতিযোগিতা তৈরি হতে পারে। পাশাপাশি হিরো, টিভিএস, হোন্ডা, সুজুকি, আথার ও রিভারের মতো নির্মাতাদের বৈদ্যুতিক স্কুটারের সঙ্গেও প্রতিদ্বন্দ্বিতা করতে হবে ভেসপাকে। আপাতত আন্তর্জাতিক বাজারে নতুন মডেলগুলোর চাহিদা কেমন হয়, সেদিকেই নজর রাখছে প্রতিষ্ঠানটি।