ঢাকাSaturday , 21 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. তথ্য-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিনোদন
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

সশস্ত্র বাহিনী দিবসের বাণীতে জিয়াউর রহমানকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী

Link Copied!

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক তৎকালীন মেজর জিয়াউর রহমান ছিলেন সামরিক বাহিনীর একজন কর্মকর্তা। এটিও সশস্ত্র বাহিনীর ইতিহাসে অনন্য, গৌরবময় ও ঐতিহাসিক ঘটনা।

শুক্রবার (২০ নভেম্বর) দেওয়া বাণীতে তিনি বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর মুক্তিযুদ্ধের চরম মুহূর্তে সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে দখলদার বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণের সূচনা করেন। মুক্তিবাহিনী, আধাসামরিক বাহিনীর সদস্য ও দেশপ্রেমিক জনতাও এই সমন্বিত আক্রমণে অংশ নেন। এর মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের রণাঙ্গনের লড়াই নতুন মাত্রা লাভ করে।

প্রধানমন্ত্রী বলেন, নির্ভীক সাহসিকতা, শৌর্য ও শৃঙ্খলার মাধ্যমে গড়ে ওঠা সশস্ত্র বাহিনী জাতির গর্বিত প্রতিষ্ঠান। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় বাহিনীর সদস্যরা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছেন। বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভূমিকা আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে বলেও উল্লেখ করেন তিনি।

তারেক রহমান তাঁর বাণীতে বলেন, সাবেক সেনাপ্রধান ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে সুশৃঙ্খল, ক্ষিপ্র ও আধুনিক বাহিনীতে পরিণত করেছিলেন। বাহিনীকে সুশিক্ষিত ও পেশাদার হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার শাসনামলেও সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন অব্যাহত ছিল বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, উন্নত বিশ্বের সঙ্গে সংগতি রেখে সশস্ত্র বাহিনীকে প্রযুক্তিনির্ভর, গতিশীল ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করছে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বার্থবিরোধী শক্তি বিভিন্ন সময়ে সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালিয়েছে। তবে দেশপ্রেমিক নেতৃত্ব ও জনগণের সম্মিলিত প্রয়াসে বাহিনীর সাফল্যের ধারা অব্যাহত রয়েছে।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পাশাপাশি ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানেও সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের পক্ষে ইতিবাচক ভূমিকা রেখেছে বলে বাণীতে উল্লেখ করেন তারেক রহমান। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সততা, দক্ষতা ও কর্মক্ষমতার জন্য বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছেন বলেও জানান তিনি।

বাণীর শেষাংশে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সাত বীরশ্রেষ্ঠসহ সশস্ত্র বাহিনীর সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, সিপাহী হামিদুর রহমান, রুহুল আমিন, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, ল্যান্স নায়েক নুর মোহাম্মদ শেখ ও ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফের নাম উল্লেখ করে তাঁদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান তিনি।

সবশেষে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে গৃহীত কর্মসূচির সাফল্য কামনা করেন তারেক রহমান। একই সঙ্গে সশস্ত্র বাহিনীর সব সদস্য ও তাঁদের পরিবারের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন প্রধানমন্ত্রী।