ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর যানবাহনের চাপ কমানো এবং আঞ্চলিক যোগাযোগব্যবস্থা সহজ করতে ঢাকা-কুমিল্লা বিকল্প সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় ১৩৮ কিলোমিটার দীর্ঘ এ সড়ক নেটওয়ার্কের প্রস্তাবিত পথনকশা চূড়ান্ত করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকার মানুষের ঢাকায় যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কুমিল্লা কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৮ আগস্ট ‘কুমিল্লা বাঁচাও মঞ্চের’ আয়োজনে প্রকল্পের ধারণাপত্র উপস্থাপন করেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। এ সময় এলজিইডির কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মফিজ উদ্দিন প্রকল্পের ওপর একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
প্রস্তাবিত সড়কটি বাস্তবায়িত হলে রাজধানীর সঙ্গে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার বিস্তীর্ণ এলাকার যোগাযোগ উন্নত হবে। একই সঙ্গে আঞ্চলিক অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে। প্রকল্পে অংশীদার হিসেবে রয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ), স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), পানি উন্নয়ন বোর্ড এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
প্রস্তাবিত রুটটি কুমিল্লার সুয়াগাজী থেকে শুরু হয়ে বিবিরবাজার স্থলবন্দর, শাহপুর ব্রিজ, পালপাড়া ব্রিজ, গোবিন্দপুর বাজার, পীরযাত্রাপুর, কংশনগর বাজার, দেবিদ্বার বাজার, মুরাদনগরের কোম্পানীগঞ্জ বাজার, মেটাংঘরের শ্রীকাইল বাজার ও সল্লা হয়ে ব্রাহ্মণবাড়িয়ার সলিমাবাদ এবং বাঞ্ছারামপুর বাজার অতিক্রম করবে। এরপর বিশ্বনন্দী ফেরিঘাট, ভূলতা, ডেমরা-তারাবো মহাসড়ক হয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে যুক্ত হওয়ার পরিকল্পনা রয়েছে। এতে একাধিক আঞ্চলিক সড়ক ও বাজার একই যোগাযোগ নেটওয়ার্কের আওতায় আসবে।
প্রস্তাবিত সড়কের মধ্যে সওজের আওতায় রয়েছে ৯৬ দশমিক ৫ কিলোমিটার। এর মধ্যে কুমিল্লার আদর্শ সদর উপজেলায় ১০ দশমিক ৭৭ কিলোমিটার, বুড়িচংয়ে ১১ কিলোমিটার এবং ব্রাহ্মণপাড়ায় ৩ কিলোমিটার সড়ক রয়েছে। এ ছাড়া মুরাদনগরের গ্রামীণ সড়কে ২৪ কিলোমিটার, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর অংশে ১০ কিলোমিটার এবং আড়াইহাজার-ভূলতা-গোপীবাগ অংশে ৩৭ দশমিক ২৮ কিলোমিটার সড়ক অন্তর্ভুক্ত রয়েছে। এসব সড়কের অধিকাংশের প্রস্তাবিত প্রস্থ ১৮ ফুট।
অন্যদিকে এলজিইডির আওতায় প্রস্তাব করা হয়েছে ৪১ দশমিক ৩২ কিলোমিটার সড়ক। এর মধ্যে কুমিল্লার আদর্শ সদর উপজেলায় ১ দশমিক ২৩ কিলোমিটার, বুড়িচংয়ে ৬ দশমিক ৩০ কিলোমিটার, ব্রাহ্মণপাড়ায় ২ দশমিক ২৯ কিলোমিটার, দেবিদ্বারে ১২ কিলোমিটার এবং মুরাদনগরে ৫ দশমিক ৫০ কিলোমিটার সড়ক রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর অংশে থাকবে আরও ১৪ কিলোমিটার। এ অংশের সড়কগুলোর প্রস্থ স্থানভেদে ১০ থেকে ১৮ ফুট নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। সব মিলিয়ে সড়ক নেটওয়ার্কটির দৈর্ঘ্য দাঁড়াবে ১৩৭ দশমিক ৩৭ কিলোমিটার।
প্রকল্প বাস্তবায়নে জমি অধিগ্রহণ, পরিবেশগত ছাড়পত্র এবং কারিগরি বিষয়গুলো বিবেচনায় নেওয়া হচ্ছে। এ ছাড়া প্রকল্পের জন্য টেকনিক্যাল অ্যাসেসমেন্ট (টিএ) গ্রহণ, নদী বা জলাশয়সংলগ্ন এলাকায় সড়কের অ্যালাইনমেন্ট নির্ধারণে পানি উন্নয়ন বোর্ডের অনাপত্তিপত্র নেওয়ার বিষয় রয়েছে। বিশ্বনন্দী ফেরিঘাট ও কুমিল্লার হোমনা উপজেলার ঘাগুটিয়া লঞ্চঘাট এলাকায় নতুন সেতু নির্মাণের প্রস্তাবও রয়েছে।
এলজিইডির নির্বাহী প্রকৌশলী মফিজ উদ্দিন জানান, গুরুত্বপূর্ণ এ প্রকল্প বাস্তবায়নে এখন উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরির কাজ চলছে। সরকারের যথাযথ কর্তৃপক্ষের অর্থ বরাদ্দের অনুমোদন পাওয়া গেলে সওজ, এলজিইডি, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম মুসা বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে ফেরি ও লঞ্চে যাতায়াতের দীর্ঘ ভোগান্তি থেকে ঢাকাগামী এলাকার মানুষ মুক্তি পাবেন। বাঞ্ছারামপুর, নবীনগর এবং কুমিল্লার উত্তরাঞ্চলের অনেক মানুষ কম সময়ে যাতায়াতের সুযোগ পাবেন।
সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেন, প্রস্তাবিত সড়ক বাস্তবায়িত হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর নির্ভরতা কিছুটা কমবে। পাশাপাশি যানজট নিরসন, দ্রুত যোগাযোগ, আঞ্চলিক উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের সুযোগ তৈরি হবে। কুমিল্লার স্থলবন্দরকেন্দ্রিক ব্যবসাও প্রসারিত হতে পারে।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) কুমিল্লার সভাপতি শাহ মোহাম্মদ আলমগীর খান বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজটের কারণে যাত্রী ও পণ্যবাহী যানবাহনকে প্রায়ই ভোগান্তিতে পড়তে হয়। বিকল্প সড়কটি নির্মিত হলে যানবাহন চলাচল ও পণ্য পরিবহনে সুবিধা হবে।
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান বলেন, তাঁকেও ফেরি দিয়ে পার হয়ে রাজধানীতে যেতে হয়। এ ভোগান্তি নিরসনে নতুন সড়ক দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন। তাঁর মতে, কসবা উপজেলায় প্রস্তাবিত ইপিজেডের পণ্য পরিবহনেও সড়কটি সহায়ক হতে পারে। সূত্র: সমকাল

