রাজধানীর মেট্রোরেল কমলাপুর পর্যন্ত সম্প্রসারণের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। তবে অবকাঠামো নির্মাণ শেষ হলেও বিদ্যুৎ, সংকেতব্যবস্থা, স্বয়ংক্রিয় ভাড়া আদায়সহ বিভিন্ন প্রযুক্তিগত কাজ এবং নিরাপত্তা পরীক্ষা বাকি রয়েছে। সর্বশেষ পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের জুলাইয়ে মতিঝিল থেকে কমলাপুর অংশে বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহন শুরুর লক্ষ্য ঠিক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) তথ্যমতে, বর্তমানে এমআরটি লাইন-৬-এর চালু অংশের দৈর্ঘ্য ২০ দশমিক ১০ কিলোমিটার। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত নতুন ১ দশমিক ১৬ কিলোমিটার যুক্ত হলে পুরো রুটের দৈর্ঘ্য দাঁড়াবে ২১ দশমিক ২৬ কিলোমিটার। তখন স্টেশনের সংখ্যা হবে ১৭টি।
গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মতিঝিল-কমলাপুর অংশের পূর্তকাজের অগ্রগতি ছিল ৮৪ দশমিক ৮৫ শতাংশ। অন্যদিকে, বৈদ্যুতিক ও যান্ত্রিক কাজ এগিয়েছে ৫৮ শতাংশ। আগামী ৩১ ডিসেম্বরের আগেই মূল কাঠামোর কাজ শেষ করার লক্ষ্য রয়েছে।
ইতিমধ্যে উড়ালপথের নির্মাণকাজ শেষ করে রেললাইন বসানোর জন্য ঠিকাদারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। কমলাপুর স্টেশনের মূল কাঠামোও দাঁড়িয়ে গেছে। বর্তমানে স্টেশনের ভেতরের সাজসজ্জা, বিদ্যুৎ ও যান্ত্রিক সরঞ্জাম স্থাপন এবং যাত্রীদের প্রবেশ ও বের হওয়ার পথ তৈরির কাজ চলছে। স্থাপত্য ও আনুষঙ্গিক কাজ ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তবে অবকাঠামো নির্মাণ শেষ হলেই মেট্রোরেল চালু করা সম্ভব হবে না। এর জন্য রেললাইন, বিদ্যুৎ সরবরাহ, সংকেতব্যবস্থা, স্বয়ংক্রিয় ভাড়া আদায়, প্ল্যাটফরমের নিরাপত্তা দরজা, টেলিযোগাযোগ, লিফট ও এসকেলেটর চালু করতে হবে। এরপর এসব ব্যবস্থার সমন্বিত পরীক্ষা এবং পরীক্ষামূলক ট্রেন চলাচলের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
এসব প্রযুক্তিগত ও পরীক্ষামূলক কার্যক্রমের অগ্রগতির ওপর নির্ভর করছে নির্ধারিত সময়ে বাণিজ্যিক যাত্রী পরিবহন শুরু করা।
এর আগে মতিঝিল-কমলাপুর অংশ চালুর সময় কয়েক দফা পরিবর্তন করা হয়েছে। প্রথমে ২০২৭ সালের ১ জানুয়ারি চালুর কথা বলা হয়েছিল। পরে এপ্রিল-মে মাসের কথা জানানো হয়। এমনকি পরীক্ষামূলক ট্রেন চলাচলের প্রস্তুতির ভিত্তিতে এপ্রিলেও চালুর সম্ভাবনা আলোচনায় এসেছিল। সর্বশেষ পরিকল্পনায় বাণিজ্যিক যাত্রী পরিবহন শুরুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের জুলাই। সূত্র: যুগান্তর

