কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অগ্রগতিতে আগামী এক দশকের মধ্যে ক্যানসার, আলঝেইমার্স, হৃদ্রোগসহ জটিল রোগের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে আশা প্রকাশ করেছেন এআই প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের প্রধান নির্বাহী ডারিও আমোদেই। তাঁর মতে, সঠিকভাবে এআই প্রযুক্তি কাজে লাগানো গেলে জীববিজ্ঞান গবেষণা ও ওষুধ আবিষ্কারের গতি অনেক বেড়ে যাবে। তবে আগামী ১০ বছরের মধ্যেই এসব রোগ অতীত হয়ে যাবে—এমন দাবি নিয়ে চিকিৎসা ও গবেষণা বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ রয়েছে।
জনপ্রিয় এআই মডেল ক্লডের নির্মাতা প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের প্রধান আমোদেই মনে করেন, এআইয়ের সহায়তায় জীববিজ্ঞানের বহু জটিল রহস্য উন্মোচন করা সম্ভব। হাজার বছর ধরে অমীমাংসিত বিভিন্ন স্বাস্থ্যসমস্যার সমাধানেও এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তাঁর ধারণা।
এআইয়ের চিকিৎসাবিজ্ঞানে ব্যবহারের সম্ভাবনা নিয়ে আশাবাদী প্রযুক্তি খাতের আরও কয়েকজন শীর্ষ ব্যক্তিত্ব। ইলন মাস্কের মতে, ভবিষ্যতে এআইয়ের কল্যাণে সাধারণ মানুষও অত্যাধুনিক চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবে। অন্যদিকে গুগলের এআই বিভাগের প্রধান ডেমিস হাসাবিস মনে করেন, এআইয়ের সহায়তায় ওষুধ আবিষ্কারের সময় উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব।
ইতিমধ্যে গুগলের ‘আলফাফোল্ড’ মডেল প্রোটিনের গঠন সম্পর্কে গবেষণায় গুরুত্বপূর্ণ অগ্রগতি এনেছে। এর মাধ্যমে কোটি কোটি প্রোটিনের গঠন সম্পর্কে বিজ্ঞানীরা নতুন তথ্য পেয়েছেন। জীববিজ্ঞান ও ওষুধ গবেষণায় এ আবিষ্কারকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছে।
তবে প্রযুক্তি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের আশাবাদের সঙ্গে পুরোপুরি একমত নন ওষুধশিল্প ও চিকিৎসাবিজ্ঞানের অনেক বিশেষজ্ঞ। ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভার্টেক্স ফার্মাসিউটিক্যালসের নির্বাহী চেয়ারম্যান জেফ লাইডেন এআইয়ের মাধ্যমে দ্রুত ওষুধ আবিষ্কারের দাবিকে বাস্তবতার তুলনায় অতিরঞ্জিত বলে মনে করেন। তাঁর ভাষ্য, প্রায় ১০ হাজার রাসায়নিক যৌগ বিশ্লেষণে ৫০টি এআই প্রতিষ্ঠানের সেবা নেওয়া হলেও শেষ পর্যন্ত এআই স্বয়ংক্রিয়ভাবে কার্যকর কোনো ওষুধ তৈরি করে দিতে পারেনি।
বিশেষজ্ঞদের মতে, কম্পিউটারের মাধ্যমে সম্ভাব্য ওষুধের অণু শনাক্ত করা আর মানুষের শরীরে কার্যকর ও নিরাপদ ওষুধ তৈরি করা এক বিষয় নয়। সম্ভাব্য ওষুধ আবিষ্কারের পর পরীক্ষাগারে এর কার্যকারিতা যাচাই করতে হয়। এরপর প্রাণী ও মানুষের শরীরে বিভিন্ন পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল এবং নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের মতো দীর্ঘ প্রক্রিয়া রয়েছে। এসব ধাপ পেরিয়ে একটি ওষুধ বাজারে আসতে সাধারণত অনেক বছর সময় লাগে।
চিকিৎসা বিশেষজ্ঞ এরিক টোপোল ও প্রযুক্তি গবেষক গ্যারি মার্কাসও এআইয়ের সক্ষমতা নিয়ে অতিরিক্ত আশাবাদী না হওয়ার পরামর্শ দিয়েছেন। তাঁদের মতে, মানবদেহের জটিল জৈবিক কার্যক্রম পুরোপুরি বোঝার মতো সক্ষমতা বর্তমান এআই মডেলগুলোর এখনো তৈরি হয়নি।
তবে এআইয়ের মাধ্যমে ওষুধ আবিষ্কারের অগ্রগতি একেবারে থেমে নেই। ২০২৬ সালের মার্চ পর্যন্ত প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, এআইয়ের সহায়তায় তৈরি বা আবিষ্কৃত ১২৯টি ওষুধের সম্ভাব্য উপাদান ৬৯টি প্রতিষ্ঠানের মাধ্যমে মানুষের ওপর ক্লিনিক্যাল ট্রায়ালে পৌঁছেছে। তবে এসব প্রকল্পের বেশির ভাগই প্রাথমিক পর্যায়ে রয়েছে। মাত্র পাঁচটি তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালে পৌঁছেছে বা তা সম্পন্ন করেছে।
অর্থাৎ এআই ওষুধ আবিষ্কারের প্রাথমিক গবেষণা দ্রুত করতে সহায়তা করছে, কিন্তু কার্যকর চিকিৎসা নিশ্চিত করার ক্ষেত্রে এখনো বড় চ্যালেঞ্জ রয়েছে। বিশেষজ্ঞদের মতে, ক্যানসার, আলঝেইমার্স ও হৃদ্রোগের মতো জটিল রোগের চিকিৎসায় এআই ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে আগামী ১০ বছরের মধ্যে এসব রোগ পুরোপুরি নির্মূল হয়ে যাবে—এমন নিশ্চয়তা দেওয়ার মতো বৈজ্ঞানিক প্রমাণ এখনো নেই।
এনডিটিভি, দ্য টাইমস

