কুষ্টিয়ায় বাড়ির সামনে এক এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে ইমন নামের এক স্কুলছাত্রের বিরুদ্ধে। সোমবার (৯ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া শহরের থানা পাড়ায় কিসেন্ট ক্লাবের কাছে ভাড়া বাসার সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় জাকিয়া সুলতানা (১৬) নামের ওই শিক্ষার্থীকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।
আহত জাকিয়া ফরিদপুরের ভাঙ্গা উপজেলার জাকারিয়ার মেয়ে। সে কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। তার বাবা একটি বেসরকারি ওষুধ কোম্পানিতে চাকরি করার সুবাদে পরিবারটি কুষ্টিয়া শহরের থানা পাড়ায় বসবাস করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে স্কুল ছুটির পর বাড়িতে ফেরে জাকিয়া। বাসার সামনে দাঁড়িয়ে গেট খোলার অপেক্ষা করার সময় কালো শার্ট পরা ইমন সেখানে এসে ধারালো ছুরি দিয়ে তাকে আঘাত করে। জাকিয়ার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত ইমন ঘটনাস্থলে ছুরি ফেলে পালিয়ে যায়।
পরিবারের অভিযোগ, মজমপুর এলাকার বাসিন্দা ইমন দীর্ঘদিন ধরে জাকিয়াকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল। কোচিংয়ে পড়ার সময় থেকে সে জাকিয়াকে বিরক্ত করত। বিষয়টি ইমনের পরিবারের সদস্যদের জানানো হলে কিছুদিনের জন্য সে বিরক্ত করা বন্ধ রাখে। তবে অভিভাবকদের কাছে অভিযোগ করার জের ধরেই পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে বলে ধারণা করছেন জাকিয়ার পরিবারের সদস্যরা।
জাকিয়ার মা সুমি আক্তার বলেন, ইমন দীর্ঘদিন ধরে তাঁর মেয়েকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করত। বিষয়টি তার অভিভাবকদের জানানোর পর কিছুদিন আর বিরক্ত করেনি। সোমবার স্কুল ছুটির পর তাঁর মেয়ে বাড়ির সামনে গেট খোলার অপেক্ষায় ছিল। এ সময় ইমন ছুরি দিয়ে আঘাত করে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক জাহিদ ইকবাল জানান, ধারালো কিছু দিয়ে আঘাতের ফলে শিক্ষার্থীর হাতে দুটি আঘাতসহ মোট তিনটি গভীর ক্ষত হয়েছে। এ ছাড়া শরীরের অন্য জায়গাতেও আঘাতের চিহ্ন রয়েছে। সব ক্ষতস্থানে সেলাই দেওয়া হয়েছে। আপাতত সে শঙ্কামুক্ত। তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, আহত শিক্ষার্থীর অবস্থা ভালো আছে। হাসপাতালে তার সেলাই চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
ছবি: সিসিটিভি ফুটেজ থেকে সংগৃহীত

