নওগাঁ শহরের বাইপাস সড়কের গাবতলী মোড়ে আল বারাকা পরিবহনের দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ও সন্ধ্যায় শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নওগাঁ জেলা ছাত্রলীগের সহসভাপতি একরামুল বারী ডলার (২৬), মো. শাহানুর নেওয়াজ লিখন (২৮) এবং শহরের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মো. শিশির (৫৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় শহরের সোনারপট্টি এলাকা থেকে মো. শিশিরকে গ্রেপ্তার করা হয়। অপর দুজনকে তাঁদের নিজ নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বাসে অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাঁদের জিজ্ঞাসাবাদ ও মামলার তদন্ত চলছে। বুধবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হবে।
এর আগে সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নওগাঁ শহরের বাইপাস সড়কের গাবতলী মোড়ে পাশাপাশি দাঁড়িয়ে থাকা আল বারাকা পরিবহনের দুটি বাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে বাস দুটির অধিকাংশ অংশ পুড়ে যায়। পরে শুধু লোহার কাঠামো অবশিষ্ট ছিল। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বাসমালিক মো. সাগির আহমেদ জানান, আগুনে দুটি বাসেরই প্রায় সমান ক্ষতি হয়েছে। প্রতিটি বাসের ক্ষতির পরিমাণ আনুমানিক ১৫ থেকে ১৬ লাখ টাকা। সব মিলিয়ে প্রায় ৩০ থেকে ৩২ লাখ টাকার ক্ষতি হয়েছে। বাস দুটি মেরামত করে পুনরায় সড়কে নামাতে দুই থেকে তিন মাস সময় লাগতে পারে।
অগ্নিকাণ্ডের পর বাসমালিক ও স্থানীয় বাসিন্দারা পরিকল্পিতভাবে আগুন দেওয়ার অভিযোগ করেন। তবে ঘটনার পর পুলিশের প্রাথমিক ধারণা ছিল, কয়েলের আগুন থেকেও অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্তের কথা জানিয়েছিল পুলিশ।
এদিকে, বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার তিনজনের সম্পৃক্ততা এবং আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

