বলিউডের জনপ্রিয় গান ‘শরারত’-এ কণ্ঠ দিয়ে নতুন করে আলোচনায় আসা সংগীতশিল্পী জ্যাসলিন স্যান্ডলাস প্রথমবারের মতো কলকাতায় গান গাইতে আসছেন। আগামী ১২ ডিসেম্বর শহরটির অ্যাকোয়াটিকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইউনিটি কনসার্ট সিজন ২’। ইতিমধ্যে শুরু হয়েছে কনসার্টের টিকিট বিক্রি। টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৯৯৯ টাকা থেকে সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত।
আয়োজকদের তথ্য অনুযায়ী, ১২ ডিসেম্বর বিকেল ৫টায় শুরু হবে কনসার্ট। অনুষ্ঠান চলবে রাত সাড়ে ৯টা পর্যন্ত। জ্যাসলিনের পরিবেশনা ঘিরে কলকাতার সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। ‘গুলাবি কুইন’ নামে পরিচিত এই শিল্পীর জনপ্রিয় গানগুলো সরাসরি শোনার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।
আয়োজক সংস্থার কর্ণধার সম্বুদ্ধ ঘোষ জানিয়েছেন, জ্যাসলিনের প্রথম কলকাতা সফরকে কেন্দ্র করে ভালো সাড়া পাওয়া যাচ্ছে। তাঁর একাধিক গান জনপ্রিয় হওয়ায় এবং পাঞ্জাবি গানের প্রতি শ্রোতাদের আগ্রহ বাড়ায় কনসার্টটি নিয়ে দর্শকদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে।
বড় পরিসরের এই আয়োজন ঘিরে নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখছেন আয়োজকেরা। সম্বুদ্ধ ঘোষের ভাষ্য, পুলিশ ও দমকল বিভাগের প্রয়োজনীয় অনুমতি নেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি কনসার্টের জন্য বিমার ব্যবস্থা রাখা হয়েছে। অনুষ্ঠানস্থলে বেসরকারি নিরাপত্তারক্ষীও মোতায়েন করা হবে।
আয়োজকেরা জানিয়েছেন, প্রশাসনের সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছে। প্রয়োজনীয় অনুমতি পাওয়া যাবে বলে তাঁরা আশাবাদী। কনসার্টের পাশাপাশি জ্যাসলিনের কলকাতা সফরের অন্যান্য আয়োজনও প্রায় চূড়ান্ত।
সূচি অনুযায়ী, ১১ ডিসেম্বর আসামের গুয়াহাটিতে একটি অনুষ্ঠানে অংশ নেবেন জ্যাসলিন। পরদিন ১২ ডিসেম্বর সকাল সাড়ে ১০টার দিকে কলকাতায় পৌঁছানোর কথা তাঁর। শহরে অবস্থানকালে একটি বিলাসবহুল হোটেলে থাকবেন তিনি। ১৩ ডিসেম্বর কলকাতা ছাড়ার কথা রয়েছে এই সংগীতশিল্পীর।
কনসার্টে বাংলা বিনোদনজগতের একাধিক শিল্পী ও বিশিষ্ট ব্যক্তিকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে আয়োজকদের। সংসদ সদস্য ও বিধায়কদেরও আমন্ত্রণ জানানো হতে পারে। তবে শেষ পর্যন্ত কারা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, তা এখনো নিশ্চিত হয়নি।
টিকিটের ক্ষেত্রে দর্শকদের জন্য রাখা হয়েছে একাধিক বিভাগ। সিলভার, গোল্ড, প্লাটিনাম, ফ্যানপিট, ভিআইপি, লাউঞ্জ ও গুলাবি লাউঞ্জ—এমন বিভিন্ন ক্যাটাগরিতে টিকিট কেনার সুযোগ থাকছে। সর্বনিম্ন ৯৯৯ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১৫ হাজার টাকা দিয়ে কনসার্ট উপভোগ করতে পারবেন দর্শকেরা।
আয়োজকদের আশা, জ্যাসলিনের পরিবেশনা দেখতে সেদিন প্রায় ১০ হাজার দর্শকের সমাগম হবে। প্রথম কলকাতা সফর এবং জনপ্রিয় গানগুলোর কারণে কনসার্টটি শহরের সংগীত আয়োজনের অন্যতম আকর্ষণ হয়ে উঠবে বলে প্রত্যাশা তাঁদের।

