ঢাকাSunday , 22 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. তথ্য-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিনোদন
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

ব্যাংকের শীর্ষ পদে থাকতে পারবেন না রাজনীতিবিদরা, আসছে আরও পরিবর্তন

Link Copied!

বাংলাদেশ ব্যাংকের সুপারিশের ভিত্তিতে ব্যাংক কোম্পানি আইন সংশোধনের খসড়া তৈরি করেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। খসড়াটি এখন অর্থমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এরপর চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিসভায় পাঠানোর কথা রয়েছে। ফলে প্রস্তাবগুলো এখনো চূড়ান্ত আইন হিসেবে কার্যকর হয়নি।

ব্যাংক খাতে ব্যাপক অনিয়ম এবং কয়েকটি ব্যাংকের আর্থিক অবস্থার অবনতির প্রেক্ষাপটে এসব পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত সংশোধনীতে দেশি ও বিদেশি কৌশলগত বিনিয়োগকারীদের ব্যাংকের ১০ শতাংশের বেশি শেয়ার রাখার সুযোগ দেওয়ার বিষয়টিও রয়েছে।

খসড়া অনুযায়ী, কোনো ব্যক্তি টানা ছয় বছরের বেশি একটি ব্যাংকের পরিচালক থাকতে পারবেন না। ছয় বছর দায়িত্ব পালনের পর পুনরায় পরিচালক হতে চাইলে তাঁকে বাধ্যতামূলকভাবে তিন বছর বিরতিতে থাকতে হবে। বর্তমানে একজন পরিচালকের দায়িত্ব পালনের সর্বোচ্চ মেয়াদ ১২ বছর।

পরিচালকদের মেয়াদ নিয়ে গত কয়েক বছরে একাধিকবার আইন পরিবর্তন হয়েছে। ২০১৮ সালের সংশোধনীর আগে পরিচালকদের টানা দায়িত্ব পালনের সর্বোচ্চ মেয়াদ ছিল ছয় বছর। ওই বছর তা বাড়িয়ে নয় বছর করা হয়। ২০২৩ সালে আরেক দফা সংশোধন করে মেয়াদ ১২ বছর করা হয়েছিল। নতুন প্রস্তাবে আবারও ছয় বছরে ফিরিয়ে আনার কথা বলা হয়েছে।

ব্যাংকের মালিকানায় পারিবারিক প্রভাব কমাতেও পরিবর্তনের প্রস্তাব রয়েছে। একই পরিবার থেকে পরিচালকের সংখ্যা তিনজনের পরিবর্তে দুজনে নামিয়ে আনার কথা বলা হয়েছে। একই পরিবারের সদস্যদের নিয়ন্ত্রণাধীন বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কোম্পানির মনোনীত পরিচালকের সংখ্যাও সর্বোচ্চ দুজন থেকে কমিয়ে একজন করার প্রস্তাব করা হয়েছে।

পরিচালনা পর্ষদের সর্বোচ্চ সদস্যসংখ্যা ২০ জনই রাখার প্রস্তাব করা হয়েছে। তবে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বাড়ানো হচ্ছে। ২০ সদস্যের পর্ষদে অন্তত চারজন স্বতন্ত্র পরিচালক রাখতে হবে, যা বর্তমানে তিনজন। আর ২০ জনের কম সদস্যের পর্ষদে স্বতন্ত্র পরিচালকের ন্যূনতম সংখ্যা দুজন থেকে বাড়িয়ে তিনজন করার কথা বলা হয়েছে।

সম্ভাব্য সংশোধনীতে স্বতন্ত্র পরিচালকের যোগ্যতার সংজ্ঞাও কঠোর করা হচ্ছে। প্রস্তাব অনুযায়ী, নিয়োগের আগের অন্তত তিন বছর সংশ্লিষ্ট ব্যক্তি ব্যাংক বা ব্যাংক-সংশ্লিষ্ট কোনো ব্যক্তির সঙ্গে প্রত্যক্ষ কিংবা পরোক্ষ স্বার্থে জড়িত থাকতে পারবেন না। একই সঙ্গে বর্তমান বা ভবিষ্যতে এমন কোনো স্বার্থসংশ্লিষ্টতা থাকা যাবে না।

ব্যাংক পরিচালনায় রাজনৈতিক প্রভাব কমাতে নতুন একটি ধারা যুক্ত করার প্রস্তাব রয়েছে। এতে মন্ত্রিসভার সদস্য বা সমমর্যাদার ব্যক্তি, সংসদ সদস্য এবং স্থানীয় সরকারের প্রতিনিধিদের ব্যাংকের পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কিংবা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নিয়োগের অযোগ্য ঘোষণার কথা বলা হয়েছে।

এ ছাড়া প্রস্তাবিত ১৭ক ধারায় বলা হয়েছে, কোনো পরিচালককে টানা তিন মাসের বেশি সময় পর্ষদ সভায় অনুপস্থিত থাকার ছুটি দেওয়া যাবে না। এ ধরনের ছুটি বছরে একবারের বেশি নেওয়ার সুযোগও থাকবে না।

ব্যাংকের শেয়ার ধারণের সীমা নিয়েও পরিবর্তন আসছে। বর্তমানে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, কোম্পানি বা একই পরিবারের সদস্যদের একক কিংবা যৌথভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একটি ব্যাংকের ১০ শতাংশের বেশি শেয়ার অধিগ্রহণে নিষেধাজ্ঞা রয়েছে। প্রস্তাবিত সংশোধনীতে ব্যাংকিং খাতের স্বার্থে কৌশলগত বিনিয়োগকারীদের ক্ষেত্রে এ সীমা শিথিল করার ক্ষমতা বাংলাদেশ ব্যাংককে দেওয়ার কথা বলা হয়েছে। এ ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক বিনিয়োগকারীদের যোগ্যতা, উপযুক্ততা ও প্রয়োজনীয় শর্ত নির্ধারণ করতে পারবে।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের সময়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত প্রাথমিক সংশোধনী খসড়ার সঙ্গে বর্তমান প্রস্তাবের বেশ কিছু পার্থক্য রয়েছে। আগের খসড়ায় ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যসংখ্যা সর্বোচ্চ ১৫ জনে সীমিত রাখা এবং মোট পরিচালকের অর্ধেককে স্বতন্ত্র পরিচালক করার প্রস্তাব ছিল।