কুষ্টিয়ার ভেড়ামারায় পার্টনার প্রকল্পের আওতায় কমিউনিটি বীজ উৎপাদন (রোপা আমন) প্রযুক্তি প্রদর্শনীর ‘ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) উপজেলার বাহিরচর ইউনিয়নের ১২মাইল এলাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ভেড়ামারার আয়োজনে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
ভেড়ামারা উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. মোঃ শওকত হোসেন ভূঁইয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মোঃ ওয়াহিদুজ্জামান। অনুষ্ঠানে কৃষকদের পক্ষ থেকে আনোয়ার হোসেন, মাহাবুব ইসলাম, হযরত উল্লাহ প্রমুখ বক্তন্য রাখেন।
ওরিয়েন্টেশনে রোপা আমন মৌসুমের উচ্চফলনশীল ব্রিধান ১০৩ জাতের চাষাবাদ এবং মানসম্মত বীজ উৎপাদন ও সংরক্ষণ প্রযুক্তি নিয়ে স্থানীয় কৃষকদের পরামর্শ দেওয়া হয়। অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তা ও স্থানীয় কৃষকেরা উপস্থিত ছিলেন।

