কুড়িগ্রামের রৌমারীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা, অ্যালকোহল ও ইয়াবা সেবনের সরঞ্জামসহ মো. সোহেল মিয়া (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার সবুজপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে রৌমারী থানা পুলিশ। পুলিশের একটি চৌকস দলের নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন। অভিযানকালে আটক সোহেল মিয়ার নিজ বাড়িতে তল্লাশি চালিয়ে সামান্য পরিমাণ অ্যালকোহল, এক পুরিয়া গাঁজা এবং ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
পরে ঘটনাস্থল ও উদ্ধার করা আলামতের ভিত্তিতে রৌমারী উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় সোহেল মিয়াকে ছয় মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অনাদায়ে তাকে আরও তিন দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।
এ বিষয়ে রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাসেল কবির বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। মাদকের ভয়াবহ কুফল সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে অভিভাবকসহ সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি মাদকসংক্রান্ত যেকোনো তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

