ঢাকাTuesday , 10 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফ্রান্সের সাইবার হামলার অভিযোগ প্রত্যাখ্যান করল ইরান

Link Copied!

ফ্রান্সের সুপারমার্কেটগুলোর রেফ্রিজারেশন ব্যবস্থায় সাইবার হামলার ঘটনায় ইরানের সম্পৃক্ততার অভিযোগ প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগটিকে ভিত্তিহীন, পক্ষপাতদুষ্ট ও দায়িত্বজ্ঞানহীন বলে আখ্যা দিয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ অবস্থান জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, ইরানের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং অন্য দেশগুলোর সঙ্গে দেশটির সম্পর্ক নষ্ট করার উদ্দেশ্যেই এমন অভিযোগ তোলা হয়েছে।

ইরানের দাবি, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে সন্তুষ্ট করতেই ফ্রান্স সরকার এ ধরনের বক্তব্য দিচ্ছে। তেহরানের মতে, অভিযোগের পেছনে নির্ভরযোগ্য প্রমাণ নেই।

বিবৃতিতে আরও বলা হয়, ইরানের বিরুদ্ধে ফরাসি সরকারের এমন অবস্থান নতুন নয়। ইরান ও পশ্চিম এশিয়া অঞ্চল নিয়ে ফ্রান্সের দীর্ঘদিনের নীতিরই প্রতিফলন এটি। এ সময় সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে আশ্রয় দেওয়া এবং ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের কর্মকাণ্ডে সমর্থন দেওয়ার অভিযোগও তোলে তেহরান।

এর আগে ফ্রান্সের শত শত সুপারমার্কেটের রেফ্রিজারেশন ব্যবস্থায় সাইবার হামলার ঘটনায় ইরানের সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছিল ফরাসি কর্তৃপক্ষ। এ অভিযোগের বিষয়ে তেহরান বলছে, তাদের বিরুদ্ধে এমন বক্তব্যের কোনো ভিত্তি নেই।

বিবৃতির শেষাংশে ইরান জানিয়েছে, দেশের জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় এবং যেকোনো অবৈধ বিদেশি তৎপরতার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তারা প্রস্তুত। একই সঙ্গে ফরাসি সরকারকে আন্তর্জাতিক দায়িত্ব পালনের কথাও স্মরণ করিয়ে দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

সূত্র: আল-জাজিরা,