বছরের ছয় মাস কাজ থাকে না হাফিজুর বিশ্বাসের। একসময় সংসারে অভাব আর দুশ্চিন্তা ছিল নিত্যসঙ্গী। তিন ছেলের পড়াশোনা ও পরিবারের খরচ চালাতে হিমশিম খেতে হতো তাঁকে। তবে সরকারের ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতি মাসে আড়াই হাজার টাকা পাওয়ায় পরিবারে কিছুটা স্বস্তি ফিরেছে। এই অর্থের একটি অংশ দিয়ে তাঁর স্ত্রী সুফিয়া বেগম কিনেছেন হাঁস-মুরগির বাচ্চা। কবুতর পালনের জন্য তৈরি করেছেন ঘরও। আগামী মাসে কবুতর কেনার পরিকল্পনা রয়েছে তাঁর।
যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুফিয়া বেগমের মতো ওই এলাকার আরও অনেক নারী ফ্যামিলি কার্ডের অর্থে সংসারের চাপ সামলানোর পাশাপাশি নতুন করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন। কারও এই অর্থ কাজে লাগছে সন্তানের পড়াশোনার খরচে, কারও স্বামীর চিকিৎসায়, আবার কেউ ঋণের কিস্তি পরিশোধের পাশাপাশি বাড়তি আয়ের উদ্যোগ নিচ্ছেন।
সুফিয়া বেগম বলেন, ‘সরকারের দেওয়া টাকায় হাঁস-মুরগি কিনছি। বাচ্চাদের পড়ালেখার খরচ চালাচ্ছি। প্রধানমন্ত্রীকে সামনে পেলে একটু ভালো করে ধন্যবাদ জানাতে পারতাম।’
একই ওয়ার্ডের মধ্যপাড়ার মেহেরুন নেসার (৩৫) সংসারেও এই সহায়তা নতুন সম্ভাবনা তৈরি করেছে। তাঁর স্বামী সিরাজুল ইসলাম পিকআপ ভ্যান চালান। তবে সব সময় কাজ থাকে না। নিজেদের ছোট্ট ভিটেবাড়ি ছাড়া তাঁদের আর কোনো সম্পদ নেই। সংসারের খাবারের খরচ মেটানো গেলেও দুই সন্তানের পড়াশোনার ব্যয় জোগাতে কষ্ট হতো।
ফ্যামিলি কার্ডের অর্থের একটি অংশ দিয়ে ছয়টি টাইগার জাতের মুরগির বাচ্চা কিনেছেন মেহেরুন। এখন প্রতিটির ওজন দুই কেজির বেশি বলে জানান তিনি। প্রতি কেজি মুরগির দাম ৬০০ টাকা বলেও উল্লেখ করেন। এ ছাড়া কিছু টাকা দিয়ে তৈরি করেছেন কবুতরের ঘর।
মেহেরুন বলেন, ‘ফ্যামিলি কার্ডের কিছু টাকা ছেলে-মেয়ের লেখাপড়ার খরচে ব্যয় করার পর বাকি টাকা দিয়ে বাড়তি কিছু আয়ের পথ তৈরি করছি।’
মধ্যপাড়ার নাসিমা আক্তারের (৩০) সংসারেও স্বামীর অনিয়মিত আয় ছিল বড় সমস্যা। তাঁর স্বামী রকিবুল ইসলাম পিকআপ ভ্যান চালান। কাজের প্রয়োজনে বাইরে গেলে সাত-আট দিন বাড়িতে ফিরতে পারেন না। তখন সংসারের খরচ ও দুই ছেলের পড়াশোনার ব্যয় মেটানো কঠিন হয়ে পড়ত।
নাসিমা বলেন, ‘এখন আর আগের মতো সমস্যা হয় না। ফ্যামিলি কার্ডের টাকায় বাচ্চাদের লেখাপড়ার খরচ চালানোর পর নিজের হাতখরচও করতে পারছি। আমরা খুব খুশি।’
মধ্যপাড়ার রাজিয়া সুলতানার (৩০) সংসারে এই অর্থের গুরুত্ব আরও বেশি। তাঁর স্বামী রনি হোসেন আগে পিকআপ ভ্যান চালাতেন। দুই বছর আগে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তাঁর শরীরের এক পাশ অচল হয়ে যায়। বন্ধ হয়ে যায় উপার্জনও। স্বামীর ওষুধ, মেয়ের পড়াশোনা ও সংসারের খরচ চালাতে গিয়ে দিশেহারা হয়ে পড়েন রাজিয়া। আত্মীয়স্বজনের সহায়তা নিয়েও ঋণ করতে হয় তাঁকে।
এখন ফ্যামিলি কার্ডের অর্থ নিয়মিত সহায়তা জোগাচ্ছে। রাজিয়া বলেন, ‘আমাদের সংসারের কোনো আয় ছিল না। আলহামদুলিল্লাহ, মাস শেষে নিশ্চিত একটা টাকা পাচ্ছি। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোর ভাষা আমার নেই।’
রনি হোসেন বলেন, ‘আমার শরীরের এক পাশে কোনো শক্তি পাই না। ফ্যামিলি কার্ড আমার সংসারটারে বাঁচিয়ে দিয়েছে।’
বর্মণপাড়ার লক্ষ্মী রানী বিশ্বাসের (৫০) সংসারেও দীর্ঘদিন ধরে অভাবের সঙ্গে লড়াই চলছে। তাঁর স্বামী মৃত্যুঞ্জয় বিশ্বাস মৌসুমি কাজ করেন। সংসার চালাতে লক্ষ্মী রানিকে গরু, ছাগল ও হাঁস-মুরগি পালন করতে হয়। দুই মেয়ের একজনের বিয়ে হয়েছে, অন্যজন এইচএসসিতে পড়ছে।
আগে প্রতিবন্ধী ভাতা হিসেবে তিন মাস পরপর ২ হাজার ৭০০ টাকা পেতেন লক্ষ্মী রানী। এখন ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতি মাসে পাচ্ছেন ২ হাজার ৫০০ টাকা। তিনি বলেন, ‘এনজিও থেকে ঋণ নেওয়া ছিল। কিস্তি দিতে পারছিলাম না। প্রতি মাসে ফ্যামিলি কার্ডের টাকা পাওয়ায় কিস্তি পরিশোধ করতে পারছি। মেয়ের লেখাপড়ার খরচ দিতে পারছি। আবার গরু, ছাগল ও মুরগির খাবারও কিনতে পারছি।’
তাঁর প্রতিবেশী সুচিত্রা বর্মণও এই অর্থে স্বস্তি পেয়েছেন। সন্তানদের পড়াশোনার খরচ মেটানোর পাশাপাশি সংসারের ব্যয় চালাতে পারছেন তিনি।
মল্লিকপাড়ার আঞ্জুয়ারা বেগমের (৪০) কাছে ফ্যামিলি কার্ডের অর্থ নিজের প্রয়োজন মেটানোর সুযোগ তৈরি করেছে। তাঁর স্বামী জাকারিয়া একটি ওয়ার্কশপে মেকানিকের কাজ করেন। সংসারে টানাটানি থাকায় খাবারের সংস্থান করতেই কষ্ট হয় তাঁদের।
আঞ্জুয়ারা বলেন, ‘সব পরিবারেই মেয়েদের আলাদা কিছু খরচ থাকে। টানাটানির সংসারে বাড়ির পুরুষদের কাছে এই টাকা চাওয়া যায় না। ফ্যামিলি কার্ডের টাকা পাওয়ায় খুবই সুবিধা হয়েছে।’
গত ১৬ মে প্রধানমন্ত্রী তারেক রহমান পাইলট কর্মসূচি হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। একই দিন চাঁচড়া ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের ২ হাজার ৪২টি পরিবারের নারীদের হাতে কার্ড তুলে দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সেদিনই উপকারভোগীদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে আড়াই হাজার টাকা করে জমা হয়।
যশোর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায় বলেন, নিম্নবিত্ত পরিবারের নারীরা সংসারের অনেক কাজ করলেও নিজেদের খরচ করার মতো অর্থ তাঁদের হাতে থাকে না। নারীদের আর্থিক সক্ষমতা ও পরিবারে মর্যাদা বাড়াতে ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে।
তিনি জানান, পাইলট কর্মসূচি থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। জেলার অন্য এলাকাগুলোতেও তথ্য সংগ্রহ চলছে। তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণও দেওয়া হচ্ছে।
যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন বলেন, একটি ওয়ার্ডে কার্ড বিতরণের পর ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। এই অভিজ্ঞতা পরবর্তী ধাপে কাজে লাগানো হবে।
প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানান, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের অন্যতম বড় প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড। সরকার দায়িত্ব নেওয়ার তিন মাসেরও কম সময়ের মধ্যে তা বাস্তবায়নের কাজ শুরু করে।
তিনি বলেন, যশোর সদরের ১৫টি ইউনিয়নের ১৩৫টি ওয়ার্ড এবং যশোর পৌরসভার নয়টি ওয়ার্ডে পর্যায়ক্রমে কার্ড বিতরণ করা হবে। লেবুতলা, নওয়াপাড়া ও নরেন্দ্রপুর ইউনিয়নের একটি করে ওয়ার্ডে তথ্য সংগ্রহ চলছে। পৌর এলাকার এক নম্বর ওয়ার্ডেও শিগগিরই এ কার্যক্রম শুরু হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, চাঁচড়ার সাত নম্বর ওয়ার্ডে কার্ড বিতরণের ক্ষেত্রে দল, মত, ধর্ম কিংবা রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হয়নি। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে অন্য এলাকাগুলোতেও একইভাবে কার্ড বিতরণ করা হবে।
ফ্যামিলি কার্ডের অর্থ সুফিয়া, মেহেরুন, নাসিমা, রাজিয়া কিংবা লক্ষ্মী রানীর কাছে একেক রকম প্রয়োজন মেটানোর সুযোগ তৈরি করেছে। কারও কাছে এটি সন্তানের পড়াশোনার খরচ, কারও কাছে স্বামীর চিকিৎসার ভরসা, আবার কারও কাছে বাড়তি আয়ের পুঁজি। নিয়মিত এই সহায়তায় সংসারের চাপ সামলে নিজেদের প্রয়োজন মেটানোর পাশাপাশি নতুন স্বপ্ন বুনছেন তাঁরা। সূত্র: বাসস

