মিশরের রাজধানী কায়রোর কাছে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১২ জন। স্থানীয় সময় রোববার (৮ নভেম্বর) গিজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।
মিশরের জাতীয় রেলওয়ে কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়েছে, গিজার কাফর আম্মার ও আল-রাক্কা রেলস্টেশনের মধ্যবর্তী স্থানে একটি চলন্ত ট্রেনের পেছনে অপর একটি ট্রেন ধাক্কা দেয়। এতে কয়েকটি বগি লাইনচ্যুত হয়।
দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু হয়। আহত ব্যক্তিদের উদ্ধার করে আশপাশের হাসপাতালে নিতে ঘটনাস্থলে কয়েক ডজন অ্যাম্বুলেন্স পাঠানো হয়। দুর্ঘটনাকবলিত বগি ও ধ্বংসাবশেষ সরাতে মোতায়েন করা হয় ভারী ক্রেন। এ ঘটনার কারণে ওই রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হয়।
মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনায় আহত ১১২ জনকে হাসপাতালে নেওয়া হয়েছিল। তাঁদের মধ্যে ৪৫ জনের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। অন্য আহতদের চিকিৎসা চলছিল।
সূত্র: সিএনএন,

